শপথ নিলেন অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা। সংগঠনটির রাজধানীর নিকেতনের কার্যালয়ে গত সোমবার রাতে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৯-২০২০ সালের জন্য নির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিমসহ বিজয়ী সব সদস্যকে শপথবাক্য পাঠ করান সংঘের এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের নির্মাতা-শিল্পীরা ফুল দিয়ে বরণ করেন নেয়।
সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। অনেক কাজ বাকি এখন, পরিকল্পনা মতো আমরা সেগুলো করবো। আমাদের প্রধান কাজ হবে, শিল্পী যে একটা পেশা, তার রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির জন্য কাজ করা।’
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের ২০১৯-২১ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
