বহু মানুষের কাছেই মোবাইল ফোন হচ্ছে এমন এক জানালা- যা দিয়ে তারা বিশ্ব দেখেন; কিন্তু এই মোবাইল ফোনই যদি হয়ে ওঠে আপনার ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার জন্য ‘অন্য কারো’ জানালা, তখন কী হবে?
এটি কি কখনো আপনার মনে আসে যে আপনার পকেটের ভেতরেই আসলে লুকিয়ে আছে এক গুপ্তচর! বহু দূর থেকেই হ্যাকাররা আপনার মোবাইল ফোনে স্পাইওয়্যার বা গুপ্তচর-প্রযুক্তি ঢুকিয়ে দিয়ে আপনার ফোনে থাকা সব তথ্য পেয়ে যেতে পারে। এরকম একটি অবস্থা কল্পনা করুন- যেখানে এই স্পাইওয়্যার দিয়ে কেউ আপনার ফোনের মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরার নিয়ন্ত্রণ পর্যন্ত নিয়ে নিচ্ছে।
মনে হতে পারে একটি বেশ কষ্টকল্পিত ব্যাপার; কিন্তু আসলে তা নয়। এরকম সফটওয়্যার এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এই সফটওয়্যার এখন ব্যবহার করা হচ্ছে সাংবাদিক, সরকার বিরোধী রাজনৈতিক কর্মী বা আইনজীবীদের গতিবিধির ওপর নজর রাখার জন্য।
কিন্তু কারা এ কাজ করছে এবং কেন?
আমাদের পকেটে থাকা মোবাইল ফোন যে গুপ্তচরে পরিণত না হয়, তা ঠেকানোর জন্য আমরা কী করতে পারি? ওরা যে কোনো সময় আপনার ফোনের মাইক্রোফোন বা ক্যামেরা অন করতে পারে এবং আপনার চারপাশে যা ঘটছে তার সবকিছু রেকর্ড করতে পারে। আপনার ফোনে যত রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, সবগুলোতে তারা ঢুকে পড়তে পারে। ওরা আপনার সব ছবি, কনট্যাক্ট, আপনার ক্যালেন্ডারের সব তথ্য, আপনার সব ইমেইল, যত রকমের ডকুমেন্ট— সব চুরি করতে পারে।
এটি কার্যত আপনার ফোনকে একটি আড়িপাতা যন্ত্রে পরিণত করে। যেটি দিয়ে তারা আপনার প্রতি মুহূর্তের গতিবিধির ওপর নজরদারি চালায়। আপনার ফোনের সব তথ্য চুরি করে।
স্পাইওয়্যারের ব্যবহার নতুন কোনো জিনিস নয়। বহু বছর ধরেই নানা রকমের স্পাইওয়্যার চালু আছে; কিন্তু এই সর্বশেষ স্পাইওয়্যার এতটাই মারাত্মক যে এটি আসলে সাইবার নিরাপত্তার জন্য খুবই ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
সূত্র : বিবিসি
