আদমদীঘিতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৮:১৭
বগুড়ার আদমদীঘির থলপাড়ার কাশাগাড়ী পুকুর পাড় থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির থলপাড়ার উত্তর মাঠের কাশাগাড়ী পুকুর পাড়ে অর্ধগলিত অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আদমদীঘি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। 
 
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘খবর পেয়ে পুকুর পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে তার মৃত্যু হয়েছে।’ 
ইত্তেফাক/এএএম