বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের হাতে থাকা অবৈধ স্বর্ণ বৈধ করার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। এর মধ্যেই এ বিষয়ে সচেতন করতে দেশব্যাপী তিন দিনের স্বর্ণ মেলার আয়োজন করা হয়। গতকাল ওই মেলা শেষ হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্র জানিয়েছে, তিন দিনের মেলায় দেশব্যাপী প্রায় ১ হাজার ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান তাদের হাতে থাকা অবৈধ স্বর্ণ বৈধ করেছে। রাজধানীতে স্বর্ণ মেলা অনুষ্ঠিত হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গতকাল সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, তিন দিনের মেলায় এ পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকার কর আহরণ হয়েছে। স্বর্ণ বৈধ করার শেষ সময় পর্যন্ত এ উপায়ে ৩০০ কোটি টাকা আয়কর আদায় হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণ এক হাজার টাকা কর দিয়ে বৈধ করা যাবে। রুপায় ৫০ টাকা ও প্রতি ক্যারেট হীরায় ৬ হাজার টাকা কর দিয়ে বৈধ করা যাবে। মেলার পরও ৩০ জুন পর্যন্ত ব্যবসায়ীরা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে মজুত স্বর্ণ কর দিয়ে বৈধ করতে পারবেন। এরপর বাদবাকি স্বর্ণ অবৈধ হয়ে যাবে।
তিন দিনব্যাপী এ মেলা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছাড়াও দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হয়।
