ইস্পাত উত্পাদনে টেকসই প্রযুক্তি ব্যবহারবিষয়ক মেলা শুরু আজ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:১৮

নির্মাণ খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ইস্পাত উত্পাদনে টেকসই প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তি বিনিময় এবং টেকসই জ্বালানি ব্যবহার বিষয়ে ধারণা দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ক্লিন টেকনোলজি ফেয়ার’। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর মেটাবিল্ড প্রকল্প কার্যক্রমের আওতায় দুই দিনব্যাপী এই মেলা রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের পঞ্চম তলায় আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা চেম্বার জানিয়েছে, মেলায় প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশ নেবে এবং নিজেদের উদ্ভাবিত পণ্য, প্রযুক্তি এবং ব্যবহারের কার্যপদ্ধতি প্রদর্শন করবে। এছাড়াও মেলায় তিনটি ব্যাংক যোগদান করবে। ব্যাংকগুলো গ্রিন ব্যাংকিং খাতে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া ও সম্ভাবনা বিষয়ে তথ্য উপস্থাপন করবে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রধান অতিথি থাকবেন।