সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু, আটক ২

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ২১:৩১

সিলেটে দায়িত্ব পালন করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফয়সল মাহমুদ (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মোগলাবাজার থানার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সল মাহমুদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাসিন্দা। অপরদিকে, আটক দু’জন হলেন গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহবুবুর রহমান (১৭) ও কোনাচর গ্রামের সামি (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। 

এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়সল মাহমুদ দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীরা চলে যান। এ সময় ফয়সল মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। অন্য পুলিশরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

ইত্তেফাক/এবি