সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই ছিল বৃষ্টি শঙ্কা। তবুও প্রথম টি-টোয়েন্টি দেখতে স্টেডিয়াম ভরা সমর্থক দেখা গিয়েছিল। যা কিনা গেল মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যায়নি।
গত শুক্রবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হওয়া ঐ ম্যাচে এত সাড়া পড়েছে যে শেষ পর্যন্ত টিকিট সঙ্কট পড়ার শঙ্কাও দেখা দেয়। আর দর্শকদের এমন ভালোবাসার প্রতিদান বাংলাদেশ দিয়েছে ঐ ম্যাচে দুই উইকেটে জয় তুলে নিয়ে।
গতকাল রোববার (১৬ জুলাই) ছিল আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এতেও ছিল বৃষ্টি শঙ্কা। সাত ওভার খেলা চলার পর নামে বৃষ্টিও। কিন্তু এদিনও যেন স্টেডিয়ামে দর্শকের কোনো কমতি ছিল না। প্রায় অধিকাংশ স্ট্যান্ডই দর্শকদের পদচারণায় মুখরিত ছিল। তবে সমস্যা ছিল অন্যদিকে। প্রথম ম্যাচে বাংলাদেশ-আফগানিস্তানের খেলার টিকিটের তুমুল চাহিদা দেখে এদিন নেমে পড়ে একদল অবৈধ টিকিট বিক্রেতা। যারা কিনা দর্শকদের আগ্রহের ফায়দা লুটে আকাশচুম্বী দামে টিকিট বিক্রি করছিলেন।
এদিন স্টেডিয়ামের বাইরে দেখা যায় একাধিক ব্ল্যাকারদের। যারা কিনা সর্বনিম্ন ২০০ টাকার টিকিট বিক্রি করছিলেন ৮০০-১২০০ টাকায়। এছাড়া ৫০০ টাকার টিকিট ১৮০০-২০০০ টাকায় বিক্রি করছিলেন। প্রতিটি টিকিটেই তারা হাঁকাচ্ছেন চওড়া মূল্য। পরে ক্রেতাদের সঙ্গে বনিবনা করে যার থেকে যত নিতে পারে। আর বুথে টিকিট না পেয়ে সিলেটের বিভিন্ন জেলা থেকে আগত দর্শকরা নিরুপায় হয়ে এই দামেই তাদের থেকে টিকিট কিনছেন।
