ডেঙ্গুতে চলতি বছরে রেকর্ড, এক দিনে ৮ মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২০:০৪

দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। এর আগে গত ১৫ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়।

সোমবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে জানানো হয়, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন। এ নিয়ে বর্তমানে ৫ হাজার ৪৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজ্ঞপিতে  আরও বলা হয়, চলতি বছরের  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯১২ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এনএ/এআই