বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে কাজ করার সময় কন্টেইনার পরিবহনকারী ফর ক্লিপের স্টিল কয়েলের আঘাতে এক সিঅ্যান্ডএফ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত শ্রমিক মো. জামাল হাওলাদার (৪৫) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকার দিগন্ত প্রকল্প কলোনির মৃত আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।
মৃতের সহকর্মী সি অ্যান্ডএফ শ্রমিক শাহআলম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, সোমবার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪নম্বর কন্টেইনার ইয়ার্ডে কাজ করছিলেন শ্রমিক জামাল। বিকেল পৌনে ৬টার দিকে জেটিতে থাকা কন্টেইনার ট্রাকে উঠানোর সময় কন্টেইনার পরিবহনকারী ফর ক্লিপের স্টিল কয়েলের আঘাতে মাথায় ও মুখে জখম হয় তার। পরে তার সঙ্গী শ্রমিকরা তাকে সঙ্গে সঙ্গে বন্দর কর্তৃপক্ষ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোংলা থানার ওসি মো. সামসুদ্দীন বলেন, বন্দর জেটিতে দুর্ঘটনায় এক শ্রমিকের নিহতের খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কারো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে অবশ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সামসুদ্দীন।
