চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন ব্রাম্মণবাড়িয়ার নবী নগর এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সুলতান। অপর নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি খোকন কান্তি রুদ্র জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই মহাসড়কে ধরে কক্সবাজারগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পেছন একই রুটের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এসময় আহত বাস চালক ও চালকের সহকারীসহ যাত্রীরা বাসের ভেতর আটকে পড়ে।
স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান হাইওয়ের এই পুলিশ কর্মকর্তা।
