দৈনিক ইত্তেফাকের ১৬ জুলাই ২০২৩ তারিখের অনলাইন সংস্করণে ‘পাবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে ভর্তি পরীক্ষার ৪০ লাখ টাকা ভাগবাটোয়ারার অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষ।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়, এই সংবাদ বিশ্ববিদ্যালয় বিরোধী ষড়যন্ত্রের অংশ। তাদের বক্তব্য প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মতো বিশাল আয়োজন সম্পন্নের সঙ্গে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যার যতটুকু সংশ্লিষ্টতা, পরিশ্রম, দায়িত্ব-ভর্তি পরীক্ষা কমিটি তা নিরূপণ করে প্রাপ্যতা অনুযায়ী তাদেরকে সম্মানী প্রদান করেছে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। নিয়মেরও কোন ব্যত্যয় হয়নি। মূলত স্বাধীনতাবিরোধী ও বিশ্ববিদ্যালয়বিরোধী একটি কুচক্রীমহল বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সুনামহানির জন্য এ রকম তথ্য প্রচার করছে।
কর্তৃপক্ষ আরও জানায়, গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে অর্জিত আয়ের একাংশ পাবিপ্রবি আর্থিক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণ তহবিলে দেওয়া হয়েছে।
