সবার কণ্ঠে শুধুই সাকিব

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৩৬

ব্যাটিংয়ে রান দরকার? সাকিব আল হাসান আছেন। বোলিংয়ে দ্রুত একটা ব্রেক থ্রু দরকার? এখানেও সাকিব আছেন। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিং, প্রয়োজনে কৌশলগত জায়গা থেকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা— সব মিলিয়ে বিশ্বকাপে সাকিব অলরাউন্ডার হিসেবেই নিজেকে নতুন এক চূড়ায় নিয়ে যাচ্ছেন।

ইংল্যান্ড ও ওয়েলসে চলমান বিশ্বকাপে বাংলাদেশ যে তিনটি ম্যাচ জিতেছে সবগুলোতেই তিনি ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচ হাতে রেখেই তিনি প্রায় ৫০০ ছুঁই ছুঁই রান আর ১০ উইকেট নিয়ে ফেলেছেন। গোটা ক্রিকেট বিশ্বই তাই মানছে ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সেরা তারকা এখন পর্যন্ত সাকিবই।

 

‘২০১১ বিশ্বকাপে প্রায় সবগুলো ম্যাচেই যুবরাজ সিং ব্যাটে বলে ছিলেন অনবদ্য। এবার সাকিব বাংলাদেশের হয়ে একই কাজটাই করে চলেছেন। প্রতিটি জয়ে অবদান রাখছেন। যত দিন এগোচ্ছে ওর পারফরম্যান্স তত ভালো হচ্ছে। ওর সর্বনিম্ন স্কোরটাও ৪১ রানের। রোজ ১০ ওভার বোলিং করে। ম্যাচে ওর মতো প্রভাব রাখার খেলোয়াড় খুবই কম।’

— জহির খান, সাবেক ভারতীয় ক্রিকেটার

‘সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। ও সর্বকালের সেরা কি না সেটা আলোচনা করার সময় চলে এসেছে। তবে, এই ব্যাপারে কেউ দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।’

— মাইক হাসি, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আগে ওদের হঠাত্ হঠাত্ ভালো কোনো পারফরম্যান্স আমাদের চমকে দিত। এখন বরং ওরা ভালো না করলে আমরা অবাক হই।

— ইয়ান স্মিথ, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার

 

‘শুধু এই বিশ্বকাপ বিবেচনায় নয়, সাকিব বরাবরই বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় এক-দুয়ে থাকে। তিন ফরম্যাটেই এভাবে দিনের পর দিন টানা এক বা দুই-এ থাকা খুব কঠিন। ক্যারিয়ার শেষে যে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই সাকিবের নাম থাকবে এটা নিশ্চিত।’

— মুরালি কার্তিক, সাবেক ভারতীয় ক্রিকেটার

‘সাকিব বড় ম্যাচের খেলোয়াড়। ওর মধ্যে লড়াকু মনোভাব আছে। ও সব সময় নিজেকে উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত থাকে। ওর মধ্যে একাই ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা আছে। ও চাইলে বোলিং আক্রমণের উদ্বোধন করতে পারে। তিনে ব্যাট করতে পারে। ওকে দিয়ে সবই সম্ভব।’

— রবিন উথাপ্পা, ভারতীয় ক্রিকেটার

সাকিব যেভাবে পারফরম করেন সেটা আমি ভালোবাসি। আর এত কিছু পাওয়ার পরেও ও ভীষণ বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার। ও সত্যিকারের একজন ‘রোল মডেল’।

— ভিভিএস লক্ষণ, সাবেক ভারতীয় ক্রিকেটার