রান পেলে সহজ, না পেলে কঠিন: হৃদয়

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৯:২৪

তাওহিদ হৃদয়। বাংলাদেশের ক্রিকেটে নতুন আলো হয়ে ধরা দিয়েছেন। অপার সম্ভাবনাময় এই ব্যাটার প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। রানের বৃষ্টি ঝরছে ব্যাটে। যেভাবে চাইছেন হাসছে হৃদয়ের ব্যাট। কোন জাদুর কাঠির ছোঁয়ায় এই তরুণের এমন পারফরম্যান্স? হৃদয় জানালেন, রান করা সহজ কাজ নয়। তিনি রান পাচ্ছেন বলেই সহজ মনে হচ্ছে সব।

গত বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। ওই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক। সব জায়গাতেই হৃদয়ের ব্যাটে দাপট। যার ধারাবাহিকতা আফগানিস্তান সিরিজেরও।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে খেলেছিলেন ৯২ রানের ইনিংস। ৯ ওয়ানডেতে গড় প্রায় ৫০। টি-টোয়েন্টিতেও পিছিয়ে নেই। সবশেষ আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ৪৭ রানের ম্যাচ জেতানো ইনিংস। এই সংস্করণে খেলে ফেলেছেন ১৭ ম্যাচ।

রান করা তার জন্য কতটা সহজ, সেটা প্রায় ম্যাচেই দেখা গেছে। আসলেই কি ব্যাপারটা তাই? শুনুন হৃদয় কী বলেন, ‘না, সহজ না। রান পেলেই সহজ মনে হয়, না পেলে কঠিন। এটাই স্বাভাবিক। ওয়ানডেতে ফিফটি করলেও ফল তো পক্ষে আসেনি। আমার মনে হয়, এই ফিফটির কোনও দাম নেই। সামনে এমন কোনও সুযোগ আসলে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো।’

যদিও আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ কতটা, সেটা ভালোই জানা আছে এই ব্যাটারের, ‘জাতীয় দল আর অনূর্ধ্ব-১৯ দল সম্পূর্ণ আলাদা। অনূর্ধ্ব-১৯ দলের চেয়ে অবশ্যই জাতীয় দলের চ্যালেঞ্জ বেশি। আমি চেষ্টা করি সব খেলায় আমার যে কাজ সেটা ঠিকভাবে করার।’

আর তা করতে হলে কী প্রয়োজন, এ ব্যাপারেও হৃদয়ের ধারণা স্পষ্ট, ‘ব্যাটিং এমন একটা জায়গা, এখানে মেজাজ ঠাণ্ডা রাখা গুরুত্বপূর্ণ। প্রত্যেক বল নির্বাচন গুরুত্বপূর্ণ। বোলারের ঘুরে দাঁড়ানো সহজ। ব্যাটারের একটা ভুল হয়ে গেলে ফেরার আর সুযোগ থাকে না। ব্যাটার হিসেবে আমি অনুভব করি- আমি সবসময় শান্ত থাকবো এবং আমার পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলবো।’

ইত্তেফাক/কেআর/