আজ রবিবার বেতার ম্যাগাজিন ‘উত্তরণ’-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁও-এ জাতীয় বেতার ভবনে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিশিষ্ট নজরুল গীতি শিল্পী ইয়াসমিন মুশতারী, উত্তরণের প্রথম উপস্থাপক শফি কামাল, শব্দসৈনিক আশফাকুর রহমান খান, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শব্দসৈনিক আশরাফুল আলম ও বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) রবীন্দ্র সংগীত শিল্পী কামাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এ বি এম রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক প্রযোজক কানিজ কুলসুম।
১৯৭৫ সালের ১ ডিসেম্বর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে রেডিও ম্যাগাজিন ‘উত্তরণ’ নামে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে এর প্রচার শুরু হয়। এছাড়া এই অনুষ্ঠানে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং দেশ গড়ার কাজে নানা প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। দীর্ঘ ৪৩ বছর ধরে শ্রোতানন্দিত এ ম্যাগাজিনটিতে শিক্ষাবিদ, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিল্পী, চিত্র অভিনেতা এবং নানা পেশার ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। এটি বাংলাদেশ বেতার, ঢাকার প্রথম বেতার ম্যাগাজিন। উত্তরণ অগণিত বেতার শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় অনুষ্ঠান। প্রতিদিন শনিবার বাদে বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র হতে বেতার ম্যাগাজিন ‘উত্তরণ’ রাত ৯-০৫ মিনিটে মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্জ এবং এফএম ১০৬ মেগাহার্জে প্রচারিত হয়। আজ এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি
