সাইনিকে উড়িয়ে আনল ভারত

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৪১

ইনজুরি বিষয়ক জটিলতা ভারতের শিবিরে ক্রমাগত বেড়েই চলেছে। আর সেজন্য সতর্কতার কোনো কমতি রাখছে না বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা ফাস্ট বোলার নবদ্বীপ সাইনিকে এবার ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে গেল।

গেল ১৫ এপ্রিল বিসিসিআই যখন দল ঘোষণা করে, তখনই স্ট্যান্ড বাই তালিকাতে ছিলেন। এবার অবশ্য তাকে ইংল্যান্ড ডাকা হয়েছে বিশ্বকাপ খেলার জন্য নয়, স্রেফ নেট বোলার হিসেবে।

বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘নবদ্বীপ সাইনি ম্যানচেস্টার চলে এসেছেন। তিনি ভারতীয় দলের সঙ্গেই একজন নেট বোলার হিসেবে অনুশীলন চালিয়ে যাবেন।’

সাইনির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। তিনি দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। বিরাট কোহলির নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। সেখানেই তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। ভারতের অন্যতম স্ট্রাইক বোলার ভূবনেশ্বর কুমার গেল ১৬ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন। তিনি কোনো কারণে বিশ্বকাপ চলাকালে সেরে ওঠতে না পারলে সাইনি স্কোয়াডে ডাক পেয়ে যেতে পারেন।