আবেদনে বিলম্ব হওয়ায় ভিসা পাইনি: ঢাবি উপাচার্য

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৯:১৩

ভিসা না পাওয়ায় কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা।  উপাচার্যের দাবি বিলম্বে আবেদন করায় নির্দিষ্ট সময়ে ভিসা পাননি। 

তিনি বলেন, কানাডিয়ান হাই কমিশনের নিয়ম অনুযায়ী ৭০ দিন সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করতে হয় কিন্তু আমি ১৫ জুন আবেদন করায় এখনো প্রক্রিয়াধীন দেখাচ্ছে। নির্দিষ্ট সময়ে ভিসা না পাওয়ায় প্রেগ্রামে অংশ নিতে পারেননি বলে আয়োজকরা দুঃখ প্রকাশ করেছে বলেও জানান উপাচার্য।

জানা যায়, ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে তিনি গতকাল অনুষ্ঠিতব্য ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি। গত সোমবার তার কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল।

এদিকে, ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।

এই বিষয়ে উপাচার্য বলেন, 'আবেদনে বিলম্ব হয়েছে এছাড়া আমি আর কিছু দেখিনা। মনগড়া গল্প সাজানোর কোন কারণ নাই। অসৎ উদ্দেশ্যে নান ধরনের মানুষ নানা কথা বলছে যা আমলে নেওয়া যাবেনা। কেউ যদি নিয়মনীতি উপেক্ষা করে অন্যভাবে এগুলোর বিষয়ে কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' 

ইত্তেফাক/এআই