বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ারশেলের গ্যাসে ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী অসুস্থ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পাঠদান ও পরীক্ষা স্থগিত করে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ জুলাই) থেকে ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে’ টানা দুই সপ্তাহের ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ১৯ জুলাই বিদ্যালয়ের পাঠদান স্থগিত থাকবে। একই সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ ও আশুরা উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। আগামী ৩ আগস্ট বৃহস্পতিবার থেকে পাঠদান যথারীতি চলবে।
ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবারের ঘটনায় টিয়ারশেলের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও আতঙ্কে অর্ধশত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪৫ জনকে মোহাম্মদ আলী হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রায় চার ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকালে ছাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থ ছাত্রীদের কারও শ্বাসকষ্ট, আবার কারও চোখ জ্বালাপোড়া করছে। এ ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একদিন স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার থেকে গ্রীষ্মকালীন ছুটি থাকবে।
