শরীয়তপুরের জাজিরা ডিগ্রি কলেজে প্রশাসনিক ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
জানা যায়, জাজিরা উপজেলার "জাজিরা ডিগ্রি কলেজের" প্রশাসনিক ভবন সংস্কারের জন্য ১১ লক্ষ ৪০ হাজার টাকার টেন্ডার পান মেসার্স রায়ান ট্রেডার্স। পরে কাজটি মূল ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কিনে নেয় মাদারীপুরের হুমায়ুন নামে অন্য ঠিকাদার। বিল্ডিংয়ের চিলে কোঠার কাজে নিম্নমানের ইট ব্যবহার দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীকে জানালে পরে কাজ বন্ধ করে দেওয়া হয়।
শরীয়তপুর জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, নিম্ন মানের ইটের ব্যবহারের প্রশ্ন উঠেছিল পরে আমরা তদারকি করে ইট চেঞ্জ করিয়ে দিয়েছি তারপরও কিছু ইট হয়তোবা লাগানো হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার হুমায়ুন বলেন, প্রথম অবস্থায় নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়েছি পরে চেঞ্জ করে দেওয়া হয়েছে। নিম্ন মানের বলতে এতোটা নিম্ন মানের না।
শরীয়তপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না পরে উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামের কাছ থেকে জেনেছি সেখানে নিম্ন মানের ইট দিয়ে কাজ করা হয়েছিলো।
