আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেইসঙ্গে তামিমকে দেড় মাসের ছুটি দেন প্রধানমন্ত্রী। পরিবারের সঙ্গে দুবাই যাচ্ছেন তামিম। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবে এই ওপেনার। দেশে ফিরে এশিয়া কাপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তামিমের খেলাটা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। ইউনুস বৃহস্পতিবার (২০ জুলাই) বলেন, ‘আগামী ২৬শে জুলাই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন আমাদের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পিঠের একই সমস্যার জন্য সেখানে চিকিৎসা করাবেন তিনি। আমরা আশা করছি, ৩১ জুলাই ফিরবেন তিনি। এরপর তার সম্পর্কে আমরা একটি পরিষ্কার ধারনা পাবো।’
আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে পারে ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া এশিয়া কাপের ক্যাম্প। তিনি বলেন, ‘প্রাথমিক ক্যাম্পে ইমার্জিং এশিয়া কাপের কিছু খেলোয়াড়ের সুযোগের সম্ভাবনা অনেক বেশি। তবে চূড়ান্ত দলে তারা থাকবেন কিনা, সেটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচক প্যানেলের উপর।’
