২০২১ সাল নাগাদ রপ্তানির টার্গেট ৬০ বিলিয়ন ডলারের

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:১৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ২০০৫-০৬ সালে বিনিয়োগের যে অবস্থা ছিল বর্তমানে তা প্রায় সাড়ে ৩ গুণ অর্থাত্ ৩৫০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরে রপ্তানি আয় ৩৩ বিলিয়ন, এবার হয়ত ৪০ বিলিয়ন ডলার রপ্তানি করতে পারব। আমাদের টার্গেট ২০২১ সাল নাগাদ ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি করা। গতকাল মঙ্গলবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বাজেটে পোশাক খাতে ভর্তুকি ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করার প্রস্তাব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সঠিক পথেই এগোচ্ছি। সবক্ষেত্রে আমরা এগিয়েছি। আগামী ৫ বছর পর এই সংসদে ১০ লাখ কোটি টাকার বাজেট করতে পারব বলে মনে করি। তিনি বলেন, কালো টাকা কথাটা ঠিক না। এটাকে অপ্রদর্শিত অর্থ বলা সঠিক। আমরা মনে করি অপ্রদর্শিত অর্থকে সুযোগ দিলে নতুন করে বিনিয়োগ বাড়বে। কালো টাকা ব্যবসায় বিনিয়োগের সুযোগ না দিলে যে কোনো উপায়ে ঐ টাকা দেশ থেকে বের হয়ে যাবে।

টিপু মুনশি বলেন, বিড়ি-তামাক মানুষের মৃত্যুর কারণ। কিন্তু সিগারেটকে ট্যাক্স সুবিধা দিয়ে বিড়িকে বঞ্চিত করা ঠিক হবে না। আমার এলাকাতেই (রংপুরে) প্রায় ৫০-৬০ হাজার বিড়ি শ্রমিক কাজ করেন। বিকল্প চাকরির ব্যবস্থা না করে তাদের সরিয়ে দিলে তারা বাঁচবে কী করে। মন্ত্রী আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। এবার রোজায় নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন।