পাকিস্তানে একটি বড় ধরনের অর্থপাচার মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার ছেলে হামজা শরিফ ও স্ত্রী নুসরাত শাহবাজসহ (প্রধানমন্ত্রীর স্ত্রী) আরো কয়েক জন অভিযুক্ত। লাহোরের জবাবদিহিবিষয়ক (এনএবি) এক আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দিয়েছে।
প্রধানমন্ত্রী ও তার ছেলেসহ অন্যদের বিরুদ্ধে ৮০০ কোটি রুপি পাচারের মামলা থেকে খালাস চেয়ে আবেদন করা হয়। ঐ আবেদন গ্রহণ করে আদালত। এতে প্রধানমন্ত্রী, তার ছেলে ছাড়া আরো যারা খালাস পেয়েছেন তারা হলেন—জাভেরিয়া আলি (প্রধানমন্ত্রীর মেয়ে), মুহাম্মদ উসমান, মাসরুর আনওয়ার, শোয়াইব কমর, কাসিম কাইয়ুম, রশিদ কারামাত, আলি আহমেদ ও নিসার আহমেদ।
তবে একজন রেহাই পাননি। তিনি হলেন প্রধানমন্ত্রীর মেয়ে রাবিয়া ইমরান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রাবিয়া এই মামলায় থেকে পলাতক রয়েছেন বলে ঘোষণা করা হয়েছে। তদন্তকারীরা জানান, অর্থপাচারের কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আদালত বলেছে, অভিযুক্তদের খালাস দেওয়া ছাড়া আর কোনো পথ নেই।
