পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কামারডাংগা-চরপাড়া এলাকায় ইছামতির শাখা নদী বিচ্ছিন্ন করে রেখেছে দশ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে। যদিও শুষ্ক মৌসুমে পানি কমে যায়, কিন্তু বর্ষায় যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে এলাকার মানুষ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে বাঁশের সাঁকোয় পারাপারের ব্যবস্থা করলেও তা ঝুঁকিপূর্ণ।
চরপাড়া গ্রামের আব্দুল গফুর প্রামানিক জানান, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এলাকার বাড়ি বাড়ি থেকে বাঁশ ও টাকা তুলে তারা সাঁকো তৈরি করে আসছেন। সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি বলেন, ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, স্থানীয় প্রস্তাবনা পেলে এলজিইডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
