কানাডাতে দুর্দান্ত শুরু সাকিবের, বিবর্ণ লিটন

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৩:০৫

দেশের জার্সিতে সবশেষ আফগানিস্তান সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশের দায়িত্ব শেষে সাকিব উড়াল দিয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। সেখানে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই ব্যাট বল হাতে আলো ছড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই নিজেদের প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সকে হারিয়েছে মন্ট্রিয়াল। 

এদিন সাকিবের প্রতিপক্ষ হিসেবে সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নেমেছিলেন আরেক টাইফগার লিটন দাস। টাইগার এই ব্যাটার অবশ্য সাকিবের মতো স্মরণীয় করতে পারেনি গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচটা। মজার ব্যাপার হচ্ছে সাকিবের বলেই নিজের উইকেট দিয়েছেন লিটন। আর সাকিবের দুর্দান্ত পারফর্মে ৫ উইকেটে জিতেছে মন্ট্রিয়াল। 

আগে বোলিং করা মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছেন সারে জাগুয়ার্সের হয়ে ওপেনিং করতে নামা লিটন। ১১ বলে ৯ রান করেই আউট হন লিটন।  

১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা মন্ট্রিয়ালের হয়ে ব্যাট হাতেও ঝড় তুলেছেন সাকিব। তিন নম্বরে নেমে ১৩ বলে ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান তুলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছেন সাকিব। সাকিবের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়েই ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে মন্ট্রিয়াল টাইগার্স।

ইত্তেফাক/এসএস