‘হেল্প মি’ লিখে উদ্ধার ১৩ বছরের অপহৃত বালিকা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৩:১৭

গাড়ির ভেতর থেকে কেউ একজন ‘হেল্প মি’(আমাকে সাহায্য করুন) লেখা দেখাচ্ছে। পার্ক করা সেই গাড়িতে চোখ আটকে যায় এক পথচারীর। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি পরিষেবা নম্বরে ফোন দেন ওই পথচারী। এরপর ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় ১৩ বছরের এক বালিকাকে। ৯ জুলাই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় স্টিভেন রবার্ট সাবলান (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টেক্সাসের বাসিন্দা। সাবলানের গাড়ি থেকে ছোট একটি বন্দুক উদ্ধার করা হয়। যদিও পরে জানা যায়, সেটি নকল ছিল। তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিপত্রের সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে টেক্সাসের সান অ্যান্টোনিওর একটি ফুটপাতে হাঁটার সময় অস্ত্রের মুখে ওই বালিকাকে গাড়িতে তুলে নেন অভিযুক্ত ওই ব্যক্তি।

মামলার হলফনামায় বলা হয়, টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়ার পথে ওই বালিকাকে বারবার যৌন নিপীড়ন করা হয়।

চলতি সপ্তাহে সাবলানের বিরুদ্ধে অপহরণ ও অপ্রাপ্তবয়স্ককে জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে বাধ্য করতে নিয়ে যাওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দুটি প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাবলানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন আদালত।

গাড়ির লাইসেন্স প্লেট নিয়ে অনুসন্ধান চালানোর পর পুলিশ জানতে পারে, টেক্সাসের ফোর্ট ওয়ার্থে চুরির অভিযোগে সাবলানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। হলফনামা অনুযায়ী, ডাকাতি ও মাদক রাখায় সাবলান এর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

ইত্তেফাক/এফএস