'‌‌‌মা বলেছিল ডাক্তার দেখিয়েই ফিরে আসবে‌'

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭:১৬

মাকে বরিশালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তাদের আর ফেরা হলো না। ভাবতেই পারছি না আমার মা আর বোন এ পৃথিবীতে নেই।

শনিবার (২২ জুলাই) দুপুরে ঝালকাঠির বাস দুর্ঘটনায় নিহত খুশবু আক্তারের ভাই মো. রহমত উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন।

জানা যায়, মায়ের চিকিৎসা করাতে বরিশাল যাচ্ছিলেন খুশবু আক্তার (১৬)। ডাক্তার দেখানো শেষে শনিবারই গ্রামের বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু, তা আর হলো না। ঝালকাঠির বাস দুর্ঘটনায় মা-মেয়ে দু'জনেই প্রাণ হারান।

একই দুর্ঘটনায় প্রাণ হারান ঝালকাঠির রাজাপুর এলাকার আইরিন (২০), তার ভাই নয়ন (১৮) ও দেড় মাস বয়সী মেয়ে রিপা। শনিবার সকালে বাবার বাড়ি থেকে বরিশালের হিজলার শ্বশুরবাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু ঝালকাঠির বাস দুর্ঘটনায় তারা ৩ জনই প্রাণ হারান।

দুর্ঘটনাকবলিত বাস

নিহত আইরিনের বড় ভাই রুবেল কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার ভাই বলেছিল, বোন আর ভাগনিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসবে। এখন ৩ জনই লাশ হয়ে পড়ে রয়েছে। ভাগনিকে কত আদর করেছি। ওর হাসিমাখা মুখটা এখনো আমার চোখের সামনে ভাসছে। দুর্ঘটনা আমার ভাই, বোন, ভাগনি ৩ জনেরই প্রাণ কেড়ে নিল।'

উল্লেখ্য, শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে যায়। এতে ১৭ জনের প্রাণহানি ও আহত হয়েছেন অন্তত ২৩ জন। নিহতদের মধ্যে ৩ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। 

ইত্তেফাক/এবি