ঈশ্বরদীতে সজিব হোসেন (৬) সোহাগ নামে এক শিশুকে দুর্বৃত্তরা হত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর চরগড়গড়ির গুচ্ছগ্রাম সংলগ্ন একটি করল্লা খেত থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে। নিহত সজিব গুচ্ছগ্রামের আকমল হোসেনের ছেলে এবং চরগড়গড়ি বৌটুবানি পাঠশালার প্রথম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে সহপাঠীদের সাথে বাড়ি হতে প্রায় পৌনে কিলোমিটার দূরে একটি ধান খেতের পাশে খেলাধুলা করে সজিব। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হলেও কোথাও পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে খেতে করল্লা তুলতে গিয়ে স্থানীয় এক কৃষক সোহাগের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে ঈশ্বরদী থানা পুলিশকে অবগত করা হয়। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে কেউ শিশুটিকে হত্যা করে থাকতে পারে। ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
