ঝালকাঠিতে বাস দুর্ঘটনা 

জেপি চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক সম্পাদকের শোক প্রকাশ

আপডেট : ২২ জুলাই ২০২৩, ২০:১৬

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং সাবেক সংসদ সদস্য, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

শনিবার (২২ জুলাই) এক শোকবার্তায় জেপি চেয়ারম্যান নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং  শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে শনিবার সকালে ঝালকাঠীর ছত্ররকান্দা এলাকায় বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়। তাদের মধ্যে ৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তারা হলেন, ভান্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঔষধ ব্যবসায়ী তারেক মিয়া (৪৫), ৪ নম্বর ওয়ার্ডের আ. ছালাম মোল্লা (৬০), তার ছেলে শাহীন মোল্লা (২৫), ধাওয়া ইউনিয়নের পোদ্দারের খাল এলাকার বাসিন্দা আ. কালাম (৫০), তার মা রহিমা বেগম (৬০), একই ইউনিয়নের পশারী বুনিয়া গ্রামের সুমাইয়া (৬), নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকার রাবেয়া বেগম (৮০) এবং তেলিখালী ইউনিয়নের সাদিয়া আক্তার(২৪)।

এছাড়াও নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য মো. মাহিবুল হোসেন মাহিম, ওয়ার্কাস পার্টির পিরোজপুর জেলা সভাপতি খান মো. রুস্তুম আলীসহ বিশিষ্টজনরা

এদিকে বাস দুর্ঘটনায় নিহত ভান্ডারিয়ার ৮টি পরিবারে চলছে শোকের মাতম। কোনো কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অন্য সদস্যরা এখন দিশেহারা। 

ইত্তেফাক/এবি