মদন উপজেলার জাহাঙ্গীরপুর টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহরে ঐ ছাত্রীর সাথে পৌরসভার মামুদপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে পাপ্পুর (২৫) বিয়ের তারিখ ধার্য ছিল। সোমবার বিকালে স্কুলছাত্রী কনের সহপাঠীরা তাকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বাসায় গিয়ে ব্যাপারটি খুলে বললে তিনি স্থানীয় প্রশাসনের সাথে এ নিয়ে আলোচনা করেন। প্রশাসনের পরামর্শক্রমে প্রধান শিক্ষক দুপক্ষের অভিভাবককে তার বাসায় ডেকে আনেন এবং উভয়পক্ষকে এর সুফল-কুফল সম্পর্কে অবগত করলে বাল্যবিয়ে না দিতে উভয়পক্ষ মুচলেকা দেন। এতে বাল্যবিয়ে বন্ধ হয়।
প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার জানান, সোমবার বিকালে ঐ মেয়েসহ তার সহপাঠীরা আমার বাসায় এসে বাল্যবিয়ে সম্পর্কে অবগত করলে স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শক্রমে বিয়ে বন্ধ করে দেই এবং ঐ শিক্ষার্থীর লেখাপড়ার খরচসহ যাবতীয় দায়দায়িত্ব আমি বহন করি।
