রংপুরে সাংবাদিক লাঞ্ছিত চার পুলিশ বরখাস্ত

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৩৫

রংপুরে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগে এক এসআইসহ চার কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা ডিগ্রি কলেজের সামনে তাদের মারধর করা হয় বলে থানায় অভিযোগ করা হয়। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিলো গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনার ভিডিও করতে গেলে ওই চার পুলিশ একাত্তর টিভির ক্যামেরাম্যান শাহিন আলম ও রাফির ওপর হামলা চালায়। তাকে মারধর করে। এ সময় তিনি (শাহ বায়েজিদ আহমেদ) বাধা দিলে তাকেও লাঞ্ছিত করা হয়। তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্ট করা হয়। পরে থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিলে ওই এসআইসহ তিন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই চারজনকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।