মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানে এ সপ্তাহে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের আরো কিছু নেতার সঙ্গে সাক্ষাত্ করবেন। সোমবার এক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সম্মেলনে ট্রাম্পের সাক্ষাতের তালিকায় আরো রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কথা বিবেচনা করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা বলবেন ট্রাম্প। জাপানের ওসাকায় এ সম্মেলনের দ্বিতীয় দিন আগামী শনিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ সাক্ষাত্ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জি২০ সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট সিউলে যাবেন। সেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শনে ট্রাম্পের কোনো পরিকল্পনা রয়েছে কি না, সে ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান কোনোটিই করেননি। তবে ওই কর্মকর্তা বলেছেন, এশিয়ায় ট্রাম্পের সফর চলাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। এ পর্যন্ত ট্রাম্প ও কিমের মধ্যে দুইবার বৈঠক হয়েছে।
