যুক্তরাষ্ট্রের একজন নারী কলামিস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯০-এর দশকে তাকে ধর্ষণের যে অভিযোগ করেছেন ট্রাম্প তা আবারও অস্বীকার করে বলেছেন, ‘তিনি আমার পছন্দের নন।’
ই জিন ক্যারল নামের ওই নারী সম্প্রতি অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে তার ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু ট্রাম্প বলছেন, মিজ ক্যারল ‘সম্পূর্ণ মিথ্যা’ কথা বলছেন। ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি বলব : প্রথমত, তাকে আমার পছন্দ নয়। দ্বিতীয়ত, এরকম কখনো ঘটেনি। এটা কখনো হয়নি, ঠিক আছে?’ নিউইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন। ‘তিনি আমার পছন্দের নন’— প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যের পর ই জিন ক্যারল সিএনএনকে বলেছেন, ‘আমি যে তার পছন্দের নই এতে আমি খুশি।’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে আরো একজন অভিযোগকারীর বিষয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন। জেসিকা লিডস নামের এক নারী অভিযোগ করেছিলেন যে ট্রাম্প ১৯৮০-এর দশকে বিমানে তার গায়ে হাত দিয়েছিলেন। এই অভিযোগের জবাবে মি. ট্রাম্প এক সমাবেশে বলেছিলেন, ‘তিনি আমার প্রথম পছন্দ হবেন না।’ এ নিয়ে ই জিন ক্যারলসহ মোট ১৬ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। ট্রাম্প অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। ই জিন ক্যারল বলছেন, নিউইয়র্কের ম্যানহাটনে বার্গডর্ফ গুডম্যান নামের একটি অভিজাত পোশাকের দোকানে কেনাকাটা করার সময় ১৯৯৫ সালের শেষের দিকে কিম্বা ১৯৯৬ সালের শুরুতে তাদের দেখা হয়েছিল।
টেলিভিশনে অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের জন্যে সেসময় খুবই পরিচিত হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রোপার্টি ব্যবসা থেকে প্রচুর অর্থ-বিত্তেরও মালিক হয়েছিলেন তিনি। ফলে অনেকেই তাকে চিনত। মিজ ক্যারল বলছেন, ঐ দোকানে মি. ট্রাম্প একজন নারীর জন্যে পোশাক কেনার ব্যাপারে তার কাছে পরামর্শ চেয়ে কৌতুক করে বলেছিলেন যে, তিনি ঐ পোশাকটি পরে তাকে দেখাতে পারেন কি না। পরে ট্রায়াল রুমে ট্রাম্প একটি দেয়ালের সঙ্গে চেপে ধরে তাকে ধর্ষণ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
