জাতীয় থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই যেন উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই মুহূর্তে ঢাকা এক্সপ্রেস খেলছেন জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–টেন লিগে। সেখানেও শুরুটা দুর্দান্ত করেছেন এই টাইগার পেসার।
এরই মধ্যে উড়ন্ত ফর্মে থাকা তাসকিন ডাক পেয়েছেন আরেক ফ্র্যাঞ্চাইজি লিগে। শ্রীলঙ্কার ঘরোয়া লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন তাসকিন। আজ (সোমবার) লঙ্কান লিগে ডাক পাওয়ার বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।
তাসকিনের লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি তাসকিন একটা প্রস্তাব পেয়েছে। সে এখনো আমাদের কাছে এনওসি চায়নি। সে এলপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সে অনাপত্তিপত্র চাইলে আমরা আলাপ করব।’
এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
