নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিঠুর ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নাটোর সদর থানায় এ মামলা করেন বলে জানিয়েছে নাটোর সদর থানার এসআই সাজ্জাদ হোসেন।
অভিযুক্ত আসামিদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শরিফুল ইসলাম রমজান (৫০), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলু (৬০), নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল (৫২), মো. সোহাগ (২৭), মো. নান্নু শেখ (৫০), মো. আশরাফ (৫০) ।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নান্নু শেখ এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধে গত ১৬ এপ্রিল যুবলীগ নেতা মিঠুনসহ তার সমর্থকরা সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে মিঠুনসহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় রাজার পুকুর পাড়ে মুখোশ পড়া অবস্থা ২০ জন যুবক মিঠুনের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাতের কব্জি কেটে দেয়। এ সময় মিঠুনকে বাঁচাতে গেলে মিঠুন সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়াসহ চার জন আহত হন।
