দুই ভাইসহ সড়কে ঝরল আট প্রাণ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৫৯

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সহোদর ও আওয়ামী লীগ নেতাসহ আটজন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতা পাঠানো খবর—

গাজীপুর: গাজীপুরে দুই ট্রাকের চাপায় পড়ে পিকআপ আরোহী দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—টঙ্গীর নতুন বাজার এলাকার কাজল মিয়ার ছেলে আল আমিন (২৫) এবং আলম (৭)। আহতরা হলেন—নিহতদের পিতা কাজল মিয়া, মা জোবেদা বেগম, বোন শাপলা এবং চালক শফিকুল ইসলাম।

কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরে সোমবার ইটভর্তি ট্রাকের চাপায় চাপাইর  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার পালোয়ান (৫৫) নিহত হয়েছেন। কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের উপজেলার মেদিয়াশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার ছোট সেনবাগে গতকাল দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাত্ক্ষণিকভাবে নিহতদের মধ্যে সোহেল রানা নামের একজনের পরিচয় পাওয়া গেছে।

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে গতকাল মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—লস্করপাড়া এলাকার কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার নান্নু (৩৪)।

বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথে গতকাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদুল ইসলাম (২০) নামের এক ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের কুটি মিয়ার পুত্র ও লিডিং ইউনিভার্সিটির এলএলবি প্রথম বর্ষের ছাত্র।