২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২৫ জুন ২০১৯, ২৩:০০

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে যে কোনো দিন প্রকাশ করা হতে পারে। এই তিন দিনের মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশিত হবে। ইতিমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশের সম্ভাব্য তিন দিন উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর মন্ত্রণালয় থেকেও প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘ঐ সময়ের মধ্যে ফল প্রকাশের সম্মতি চেয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি।’ উল্লেখ্য, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।