পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজের কারণে বন্ধ থাকা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে আগামী ১ আগস্ট থেকে আবারও ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে চাষাঢ়া স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন এলাকার অনেক লেভেলক্রসিং উন্নয়ন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রত্যাহারসহ বিভিন্ন কারণে সময়মতো রেলপথটির কাজ শেষ করে লাইনটি ফের চালু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল চালু করে দেব।’
তিনি বলেন, চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি করপোরেশন অংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। তাই এ অংশে লেভেলক্রসিং এলাকায় আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে। এ কারণে কাজ শুরু করতেও বিলম্ব হয়েছে।
নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা-যশোর রেললাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-ভাঙ্গা রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে রেলপথটি উদ্বোধন করবেন। এছাড়া দোহাজারী কক্সবাজার রেলপথ আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ উদ্বোধন করা হতে পারে।
সবশেষে মন্ত্রী নারায়ণগঞ্জ রেলস্টেশনের যাত্রীদের চলাচলের জন্য রাস্তা মেরামতের কাজ এবং স্টেশন ও আশপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে। শুরুতে চার মাসের জন্য রেলপথটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রায় আট মাস পর ঐ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।
