'চোট থেকে ফিরলেই রানে ফিরবেন তামিম'

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭:৫৫

দীর্ঘদিন ধরে পুরানো পিঠের চোটে ভুগছেন তামিম ইকবাল। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। শতভাগ ফিট হয়ে তামিমের মাঠে নামা উচিত বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা। চোট থেকে ফিরলেই তামিম রানে ফিরবেন বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

বুধবার (২৬ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘এখন যে জিনিসটা হচ্ছে, চোট ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে চোট। তাহলে কী করা উচিত? ওর চোটটা ঠিক করে আসা উচিত। ওর এখন উচিত চোট নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও এমনিতেই রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’

তামিমকে মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘কোচ তার পক্ষে আছে, ক্রিকেট বোর্ড তার পক্ষে আছে নাকি আমরা ওদের পক্ষে আছি, ওর মতো ক্রিকেটারের কাছে এগুলো আমরা আশা করব না যে, কে ওর পক্ষে আছে এটা নিয়ে চিন্তা করবে। আমরা চিন্তা করবো ও পারফর্মার, পারফর্ম করবে; অটোমেটিক্যালি সবকিছু তার পক্ষে থাকবে।’  

ইত্তেফাক/জেডএইচ