জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। আটক চারজনের মধ্যে একজন ভারতীয় এবং বাকি তিনজন বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ রেল স্টেশনের পার্কিং লটের কাছে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গত সোমবার আটক করে কলকাতা পুলিশের এসটিএফের কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, আটক মোহাম্মদ জিয়াউর রহমান (৪৪) এবং মামুনুর রশিদ (৩৩) নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে বেশ কিছু ছবি, ভিডিও, জিহাদি কথাবার্তা-সংবলিত কিছু বই জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্য অনুযায়ী বাকি দুজনকে আটক করা হয়। তারা হলেন শাহিন আলম ও রবিউল ইসলাম। তাদেরকে হাওড়া রেল স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয়। এই দুজনের কাছ থেকে জিহাদি কথাবার্তা-সংবলিত বেশ কিছু বই জব্দ করা হয়েছে।
