নতুন নিষেধাজ্ঞা দিয়ে কূটনীতির ইতি টেনেছে যুক্তরাষ্ট্র : ইরান

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:২১

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞাকে প্রত্যাখান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে কূটনীতির ইতি টানলো যুক্তরাষ্ট্র। আর দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, হোয়াইট হাউস মানসিক সমস্যায় ভুগছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের মন্তব্যকে অজ্ঞতাসুলভ এবং বিদ্রুপাত্মক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের নেতারা হয়তো বাস্তবতা বুঝতে পারেননি। ইসরাইল বলেছে, তেহরানকে প্রতিহত করতে সবকিছু করা হবে। খবর বিবিসি ও আল-জাজিরার

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি এক টুইটার বার্তায় বলেন, শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির মাধ্যমে আলোচনার পথ স্থায়ীভাবে বন্ধ করে দিল। এই সিদ্ধান্ত বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মনে করে মন্ত্রণালয়। এরপর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি খামেনির ওপর নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে বলেন, হোয়াইট হাউস মানিসক সমস্যায় ভুগছে। রুহানি বলেন, ধৈর্য্য ধারণের অর্থ এই নয় যে, ইরান যুক্তরাষ্ট্রকে ভয় পায়। কারণ নিষেধাজ্ঞায় খামেনির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার বিদেশে কোনো সম্পদ নেই। জানা গেছে, খামেনি গত ৩০ বছর ধরে বাইরের কোনো দেশ সফর করেননি। সর্বশেষ ১৯৮৯ সালে তিনি চীনে গিয়েছিলেন। ইসরাইল সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন গতকাল জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা করতে চান। তেহরানেরও উচিত আলোচনার দরজা খোলা রাখা। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প খামেনিসহ প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডের সিনিয়র কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।