অবশেষ বহুল আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্ত সংক্রান্ত নির্দেশনা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু নিশ্চিত করেছেন।
এদিকে, ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
এর আগে সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, পুলিশের ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের সাড়ে ৪ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। এর মধ্যে সোয়া তিন কোটি টাকার সম্পদই অবৈধ। মামলায় ডিআইজি মিজান ছাড়া অন্য আসামিরা হলেন—তাঁর স্ত্রী সোহেলিয়া আনার রত্না (৫০), ছোটভাই মাহবুবুর রহমান (৫০) ও ভাগনে কোতোয়ালি থানার এসআই মাহমুদুল হাসানকে (২৯) আসামি করা হয়েছে। দুদকের সংশোধিত বিধিতে নিজস্ব দপ্তরে করা এটাই প্রথম মামলা। এর আগে সকল মামলা থানায় করত দুদক। দুদক আইন ২০০৪ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করেছে দুদক।
মামলায় অভিযোগ করা হয়েছে, মিজানের নামে ও বেনামে অর্জিত চার কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ৪৪৩ টাকার সম্পদ রয়েছে। এরমধ্যে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার পাঁচ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যার মধ্যে তিন কোটি ৭ লাখ পাঁচ হাজার ৪২১ টাকার হিসাব গোপন করেছেন।
