আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেননি এমবাপ্পে

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৫:২০

সৌদি পেশাদার ক্লাব আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৩০০ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড চুক্তির প্রস্তাব স্বত্বেও সৌদি ক্লাবটিতে যাওয়া নিয়ে কোন আগ্রহই দেখা যাচ্ছেনা এমবাপ্পের মধ্যে। ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কোন ধরনের আলোচনাই করতে চাচ্ছেন না এমবাপ্পে। 

বুধবার (২৬ জুলাই) ফরাসি তারকার সঙ্গে আলোচনা করতে প্যারিসে এসেছেন আল হিলালের একটি প্রতিনিধি দল। পত্রিকাটির রিপোর্টের সূত্র ধরে জানা গেছে জেনিথ সেইন্ট পিটার্সবার্গ থেকে ব্রাজিলিয়ান ম্যালকমকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে সৌদি ক্লাবের কর্মকর্তারা প্যারিসে এসেছে। সেইসঙ্গে এমবাপ্পের বিষয়টিও তাদের আলোচনার এজেন্ডায় রয়েছে। কিন্তু তাদের এই এজেন্ডা সফল হয়নি বলে দাবী করেছে লেকিপ। এ সম্পর্কে তারা বলেছেন, ‘২৪ বছর বয়সী এমবাপ্পে তাদের সঙ্গে কোন আলোচনা করতে চায়নি। এমবাপ্পে কখনই এই ক্লাবে যাওয়া বা আলোচনা করা নিয়ে কোন ধরনের আগ্রহ দেখায়নি।’

এমবাপ্পের পক্ষ থেকে কোন ধরনের আগ্রহ না দেখালেও পিএসজি এই ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা করতে রিয়াদের ক্লাবটিকে অনুমতি দিয়েছে। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। যে কারণে আগামী গ্রীষ্মে ফ্রি টান্সফারে ছাড়ার চেয়ে এবারই কিছু একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে পিএসজি। যদিও এমবাপ্পে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

ইত্তেফাক/জেডএইচ