কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া মা-মেয়ের পরিচয় মিলেছে। এনআইডি সার্ভারের তথ্য অনুসারে নিহত নারীর নাম সাবিনা আক্তার। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার মো. শাফি মিয়ার মেয়ে।
এরই সূত্র ধরে নিহত দুই বছরের শিশুর পরিচয় সনাক্ত করা গেছে। শিশুর নাম হিয়া আক্তার, সে ওই নারীর মেয়ে।
বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত দুই জনের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে তাদের স্বজনরা এসে মরদেহ সনাক্ত করে বাড়ি নিয়ে যায়। সন্ধ্যায় এসব তথ্য জানান কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের মা ও মেয়ে বলে ধারনা করেছিল। পরে রাতেই ফিঙ্গার প্রিণ্ট রিডারের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বজনদের খবর দেওয়া হয়। বৃহস্পতিবার তারা এসে মা-মেয়ের মরদেহ সনাক্ত করে লাশ দাফনের জন্য বাড়ি নিয়ে যায়।
রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন ওই নারী। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা হয়েছে।
