মানিকদীতে শিশু মৃত্যুর ঘটনা রহস্যজনক

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:৪৩

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকায় সোমবার আড়াই বছরের শিশু আলিফা সিদ্দিকা মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে করছে পুলিশ। অজ্ঞাত কোন রোগে বা খেলতে গিয়ে ব্যাথা পেয়ে মারা গেছে কিনা -তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে সোমবার সন্ধ্যায় নিউরোসায়েন্স ইন্সটিটিউটে মারা যাওয়ার পর রাতেই পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সোমবার বেলা ১২ টার দিকে মানিকদীর ৬০৭, সবুজ ছাতা গলির টিনশেড বাড়িতে খেলার সময় বড় বোন লুবনা আক্তারের (৫) কোলে অসুস্থ হয়ে পড়ে আলিফা। ওই সময় লুবনাও অসুস্থ হয়। তাদেরকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় আলিফাকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। লুবনা পরে সুস্থ হয়ে বাসায় ফিরে। তাদের বাবা পুলিশের বিশেষ শাখার কনষ্টেবল জসিম উদ্দিন।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানান, সোমবার বেলা ১২ টার দিকে তাদের টিনশেড ঘরের পাশে ফাতেমা বেগমের টিনশেড ঘরে খেলতে যায়। কিছু সময় পর লুবনা তার ছোট বোনকে কোলে করে বাসায় নিয়ে আসে। তারা দুজনই অসুস্থ ছিল। তাদের মা নুশরাত জাহান প্রথমে শিশু হাসপাতালে ভর্তি করায়। এরপর তাদেরকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়।

ক্যান্টনমেন্ট থানার ওসি আরো বলেন, আলিফার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে সে বেশ কয়েকবার বমি বমি ভাব দেখিয়েছিল। ফাতেমা বেগমের ঘরে খেলার সময় বিছানা থেকে শিশুটি পড়ে গিয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা কোন দাবি না করে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যায়।