ভারতে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের সবাই দরিদ্র পরিবারের। বিহার রাজ্য সরকারের করা এক নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এখন পর্যন্ত ২৮৭ পরিবারের শিশু এই ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছে। বিহারে এনকেফালাইটিসে মৃত্যু হয়েছে ১৩০টির বেশি শিশুর। ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও বিহার সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।
নিরীক্ষায় দেখা গেছে, যেসব শিশু মারা গেছে তাদের পরিবারের মাসিক আয় প্রায় চার হাজার ৪৬৫ রূপি। ভারত সরকারের একটি কমিটির সংজ্ঞা অনুযায়ী এসব পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করছে। জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ শিশুর পরিবারের উপার্জনকারীরা শ্রমিক হিসেবে কাজ করে।
২৮৭টি কেসের মধ্যে ২০০টির ক্ষেত্রেই পরিবারের সদস্যরা বলেছে, তাদের শিশুরা এনকেফালাইটিসে অসুস্থ হওয়ার আগে বাইরে খেলা করত। আর অসুস্থ হওয়ার আগের রাতে তারা কিছুই খেতে পারেনি।
জরিপে দেখা গেছে, আক্রান্ত শিশুদের ৬৪ শতাংশের পরিবার লিচু বাগানের আশপাশে বসবাস করে এবং যেসব শিশু অসুস্থ হয়েছিল তারা লিচু খেয়েছিল। এদের পরিবারের বড়রা এই জ্বরের ব্যাপারে সচেতন নয়। বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টি এনকেফালাইটিস রোগের বিস্তারের অন্যতম কারণ।
