পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে: তমা মির্জা

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩০

গত ঈদের ছবি নিয়ে এত হৈ চৈ-এর পর সবচেয়ে বড় অঘটন ঘটলো ‘সুড়ঙ্গ’ ছবিটি নিয়ে। ছবিটি ডিজিটাল পাইরেসির কবলে পড়েছে। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছবিটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে। যা ক্ষতিগ্রস্থ করেছে সিনেমা সংশ্লিষ্টদের। উল্লেখ্য, দীর্ঘদিন পর এ ধরেনের পাইরেসির শিকার হলো কোনো চলচ্চিত্র।

এদিকে চলচ্চিত্র বিপণন সংস্থা জাজ মাল্টিমিডিয়া বলছে যে, তাদের ডিস্টিবিউশন চেইন থেকে সুড়ঙ্গ ছবিটি প্রকাশ পায়নি বলে এ অঘটন ঘটলো। কারণ তাদের দাবি, জাজ মাল্টি কোনো ছবি কেউ পাইরেসি করতে পারে না। তবে অবস্থাদৃষ্টে মনে হয়, ছবিটির পাইরেসির সাথে সিনেমা হলের কলাকুশলীরা জড়িত। ছবিটি নিয়ে অবশেষে আইনের আশ্রয় নিতে হলো সিনেমার কলাকুশলীদের।

গতকাল নির্মাতা রায়হান রাফি, অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো-তমা মির্জাসহ ছবিটি সংশ্লিষ্ট অনেকেই ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা সুড়ঙ্গ সিনেমার পাইরেসি বিষয়ে আইনি সহায়তা বিষয়ে আলোচনা করেন। রায়হান রাফি বলেন, ‘আমি আগেই বলেছিলাম এই পাইরেসির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। পাইরেসি কারা করেছে, তা আমরা চিহ্নিত করছি। এটা বাংলাদেশ থেকেই হয়েছে। পাইরেসি শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে। আমরা সেটা নিশ্চিত করবোই। সেই লক্ষ্যেই আজ (গতকাল) ডিবি প্রধানের সাথে আমরা দেখা করে অভিযোগ দিয়েছি। তিনি দ্রুত সময়ের মাঝে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য, এর আগে গত বুধবার রাতে পরিকল্পনা করে তার সিনেমার পাইরেসি করা হয়েছে দাবি করে এক ফেসবুক স্ট্যাটাসে এই নির্মাতা লেখেন, ‘একটা ফিল্মকে পাইরেসি করা হলো পরিকল্পনা করে। শুরুতেই ছেড়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো। তারপর নিজেদের লোক দিয়ে ফেসবুক, ইউটিউবে সেটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা হলো। এরপর এখন তো পুরো সিনেমাই। একটি সুনির্দিষ্ট চক্র সুড়ঙ্গের পেছনে লেগেছে, তাদের কারণে পাইরেসির শিকার হয়েছে সুড়ঙ্গ।’

একই রাতে সিনেমাটির নায়িকাও আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে লেখেন, ‘মুক্তির প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করা শুরু করলো আর ঠিক তার পরপরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল?’ এছাড়া পাইরেসি নিজের দেশে থেকেই হয়েছে দাবি করে এই নায়িকা আরও বলেন, ‘এটা জানেন তো পাইরেসি আমাদের দেশ থেকেই হয়েছে। দেশের বাইরে সুড়ঙ্গ অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেত আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি! যাই হোক ভাইরা এবার একটু থামেন। আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেলো আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি। কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ আমাদের গর্ব।

ইত্তেফাক/এসটিএম