রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের পাহারা

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৫:১৪

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এই দুই দলের সমাবেশকে কেন্দ্র করে পল্টন ও গুলিস্তানের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ জুলাই) মালিবাগ, কাকরাইল, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়, গুলিস্তান, দৈনিক বাংলা মোড় এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বেলা ১২টার দিকে মালিবাগ, মৌচাক মোড় এবং শান্তিনগর এলাকায় পুলিশ সদস্যদের সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় শান্তিনগর মোড় থেকে কাকরাইলের দিকের রাস্তায় যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়।

দুপুরে মৎস্য ভবন এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি বেশ কয়েকটি পুলিশের গাড়ি অবস্থান করছিল। সেখানে একটি সাঁজোয়া যানও দেখা গেছে। প্রেসক্লাব, পল্টন ও দৈনিক বাংলা মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিগুলো বিশ্লেষণ করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হচ্ছে । ড্রোন দিয়েও সমাবেশ এলাকা মনিটরিং করা হচ্ছে। 

ইত্তেফাক/কেকে