মাদারীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে সবুজ মৃধা নামের এক যুবককে হাত পায়ের রগ কাটার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে সদর মডেল থানায় ভুক্তভোগী সবুজ মৃধার বাবা বাদশা মৃধা এ মামলা করেন।
মামলাআসামিরা হলেন মাদারীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৪৮), শহরের বিসিক শিল্প নগরীর এলাকার জাকির তালুকদারের ছেলে অন্তত নাহিয়ান (২৫), রাজ্জাক হাওলাদারের ছেলে বিধান হাওলাদার (২৭), মিজান হাওলাদার (৩০), মঠখোলা এলাকার আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী (৩২), পশ্চিম রাস্তি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আল আমি হাওলাদার (২৭), মাদারীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের শহীদ হারুণ সড়ক এলাকার মনসুর আহম্মেদের ছেলে মহিদুল হাসান নয়ন (৩৫), মৃত শফিজউদ্দিন বাকাউলের ছেলে বিদ্যুৎ বাকাউল (৩৮), পৌরসভার বটতলা এলাকার রব বেপারীর ছেলে রবিন বেপারী (২৭) ও বিসিক শিল্প নগরীর সজিব (২৫)। এছাড়া মামলায় অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, সবুজের ওপর হামলার ঘটনায় ১০ জনের নামে মামলা করেছে তার বাবা। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২৫ জুলাই (মঙ্গলবার) বিকেলে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয় সবুজ মৃধাকে। তিনি রিকশাযোগে লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলা হয়। এসময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
