ক্যাম্পে ফের দু’পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা নিহত  

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:১৭

কক্সবাজারের উখিয়ার শরনার্থী ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে ফের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ/১ ব্লক ও ক্যাম্প-২ ইস্ট বি-ডব্লিউ/৯ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা নিহত মো. সেলিম (৪৫) ক্যাম্প-৭ এর এ/১ ব্লক এলাকার নজির আহমদের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রাত ১১ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ/১ ব্লক এবং ক্যাম্প-২ ইস্ট বি-ডব্লিউ/৯ কবরস্থান পাহাড় মাঝামাঝি এলাকায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সেলিম নামের এক রোহিঙ্গার পায়ে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে  থেকে আহত রোহিঙ্গাকে উদ্ধার করে কুতুপালং এম‌এস‌এফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপহরণ বাণিজ্য নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা লেগেই আছে। গত পাঁচ বছরে দুই শতাধিক হত্যার ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/আরএজে