কক্সবাজারে যাত্রীবাহী শ্যামলী বাস তল্লাশি করে প্রায় দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪১ বছর বয়সী মোহাম্মদ সেলিম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
রোববার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে মহাসড়কের কক্সবাজার সরকারি কলেজের সামনে বাস থেকে তাকে হেরোইনসহ আটক করে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, একটি যাত্রীবাহী বাসে করে কক্সবাজারে মাদকের বড় চালান আসছে এমন খবরে সকাল ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি আভিযানিক টহল দল, ব্যাটালিয়নের অপারেশন অফিসারের নেতৃত্বে যৌথ অভিযান চালায়। পরে মহাসড়কের কক্সবাজার সরকারি কলেজের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহন বাস তল্লাশি করা হয়। এ সময় ওই বাস থেকে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইনসহ অভিযুক্ত সেলিমকে আটক করা হয়।
তাকে গ্রেফতার দেখিয়ে হেরোইনসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন বিজিবির এ কর্মকর্তা।
ইয়াবা ও আইসের যুগে হেরোইন উদ্ধারের এটি সবচেয়ে বড় চালান। ইয়াবা ও আইস আসার পর কক্সবাজারে হেরোইন বেচাকেনার তেমন খবর পাওয়া যায়নি।
