মিঠাপুকুরে খাদ্য গুদামে স্থান সংকুলান, ধান-চালবাহী ট্রাকের সারি

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৫:৩৯

রংপুরের মিঠাপুকুরে একমাত্র শঠিবাড়ী খাদ্য গুদামে স্থান সংকুলানের কারণে সরকারি ধান-চাল সংগ্রহ বাধাগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত জায়গা না থাকায় ধীরগতিতে চলছে সংগ্রহ কার্যক্রম।

রোববার (৩০ জুলাই) সকালে থেকে খাদ্য গুদামের সামনে সারি সারিভাবে ধান ও চালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শঠিবাড়ী সরকারী খাদ্য গুদাম সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলা সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের জন্য সরকারি খাদ্য গুদাম রয়েছে একটি। সেখানে চারটি গুদাম ঘরে মোট ধারণ ক্ষমতা প্রায় দুই হাজার মেট্রিক টন। সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুই হাজার ছয় মেট্রিক টন। চলতি বোরো মৌসুমে এই খাদ্য গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৬০ দশমিক ৯৮০ মেট্রিক টন। এর মধ্যে চাল সংগ্রহ হয়েছে প্রায় চার হাজার ৮১৫ মেট্রিক টন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে দুই হাজার ৮৯৫ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে মাত্র ১৩৫ মেট্রিক টন ধান।

নূরুল অটো রাইস মিলের মালিক ও চাউলকল মিল মালিক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম প্রামানিক বলেন, পর্যাপ্ত জায়গার অভাবে সঠিক সময়ে চাল সংগ্রহ অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। গুদাম ফাঁকা না থাকায় দিনের পর দিন চালভর্তি ট্রাকগুলো মাঠে রাখতে হচ্ছে। এরফলে বেড়ে যাচ্ছে খরচের হিসাব। জরুরি ভিত্তিতে খাদ্য গুদাম নির্মাণ সময়ের দাবি মাত্র।

ট্রাকের সারি। ছবি: ইত্তেফাক

শঠিবাড়ী খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, এই গুদামে ধান-চাল সংগ্রহে মূল বাধা পর্যাপ্ত জায়গার অভাব। একারণে সঠিক সময়ে ধান ও চাল সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তারপরও নানা কৌশলে সংগ্রহ কার্যক্রম চলমান রাখা হয়েছে। কষ্ট করে হলেও আশাকরি সংগ্রহ লক্ষমাত্রা অর্জিত হবে।

ইত্তেফাক/আরএজে